কুমিল্লার লালমাই-ময়নামতি: উন্নয়নের চাপে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

যত সরকারি স্থাপনা
সদর দক্ষিণ উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় লালমাই পাহাড় ও টিলাশ্রেণির ২ হাজার ১২১ একর জমি ব্যক্তিমালিকানাধীন। সরকারি ১ নম্বর খাস খতিয়ানে রয়েছে মাত্র ১০৩ একর ২৫ শতাংশ। বন বিভাগের ৫ নম্বর খতিয়ানে জমি রয়েছে ১৮৩ একর ১২ শতাংশ।
জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৫১ সালে ১ হাজার ৮৫৪ একর ৯৩ শতাংশ জমি হুকুমদখল করে কুমিল্লা সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়। ১৯৫৯ সালে ১৫৬ একর জমিতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। কোটবাড়ীতে বিজিবির সেক্টর সদর দপ্তর এবং সংরক্ষিত এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় ১০০ একর পাহাড়ি জমি।
১৯৮৩ সালে ৫২ একর জমিতে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ক্যাডেট কলেজ। এদিকে ২০০৬ সালে প্রতিষ্ঠার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ৫০ একর পাহাড় কেটে প্রশাসনিক, একাডেমিক ও আবাসিক ভবন এবং খেলার মাঠ নির্মাণ করা হয়। এ নিয়ে তখন থেকে সমালোচনা রয়েছে। ২০২১ সালে দ্বিতীয় ক্যাম্পাস সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা ২০০ একরের বেশি জমির মধ্যে ১৩১ একর পাহাড় ও টিলাশ্রেণির। সেখানে পাহাড় কেটে কয়েকটি ভবন নির্মাণের কাজ চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল হাসান বলেন, পাহাড়ে ভবন নির্মাণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছে। অনুমোদনের বিষয়টি মন্ত্রণালয় দেখছে। তবে পাহাড় কেটে ভবন নির্মাণের বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক সালমান চৌধুরী শাওন বলেন, লালমাই পাহাড়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বড় ভবন নির্মাণের কাজ তিনি দেখেছেন। সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে তাঁর মনে হয়েছে, পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা (ইআইএ) প্রতিবেদন ছাড়াই ভবন নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো আবেদন এখনো অনুমোদন পায়নি।

