নারায়ণগঞ্জে ১০ মাসে ১১৬ খুন, ৪ হাজারের বেশি মামলা

দায়িত্ব নেওয়ার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি রাতে টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বাড়ানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসপির নির্দেশনায় সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে চিহ্নিত ছিনতাইকারী, ডাকাত, নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে ‘নির্ঘুম টহল’ কার্যক্রম জোরদার করা হয়েছে। কাঁচপুর সেতু, শিমরাইল, সাইনবোর্ড ও চাষাঢ়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ অপরাধপ্রবণ এলাকাগুলোতেও পুলিশের তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে জেলা পুলিশ।
মাদক ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ
পুলিশের এসব উদ্যোগের পরও নারায়ণগঞ্জে মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি। একটি অপরাধী চক্রের সদস্যরা গ্রেপ্তার হওয়ার পর অন্য চক্রের সক্রিয় হয়ে ওঠার প্রবণতাও রয়েছে বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিশেষ করে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘাতের ঘটনা ঘটছে। মাদক কেনার অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ ছিনতাই ও চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, রূপগঞ্জ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও উদ্বেগ রয়েছে।
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ প্রতিরোধও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে অভিযান ও আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযান ও নজরদারি বাড়ানোর কথা পুলিশের
ছিনতাই, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে চেকপোস্ট, ফুট পেট্রোল ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে ভোর ৩টা থেকে ৫টা পর্যন্ত ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
হত্যাকাণ্ডের বড় একটি কারণ মাদককে কেন্দ্র করে বিরোধ বলে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর গ্যাংসহ নানা অপরাধ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, সুশীল সমাজ ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের পাশাপাশি অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশের ওপর হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অপরাধীরা যত শক্তিশালীই হোক, আইনের হাত আরও শক্তিশালী। হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ সদস্যদের একা চলাচল না করে কমপক্ষে তিনজন একসঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। পুলিশ একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

