রিসোর্ট ভাড়া হয় শিক্ষাসফরের নামে, মালিক সোহেল আত্মগোপনে

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে রাতারগুলের ওই রিসোর্টে যায়। সেখানে গিয়ে পুলিশ সভার বিষয়ে তথ্য ও ঘটনার সত্যতা নিশ্চিত করে।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর রিসোর্টটির মালিকানা ও স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল স্কয়ার ইকো রিসোর্টের স্বত্বাধিকারী সোহেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের আপন চাচাতো ভাই। রিসোর্টের জমির মালিকানায়ও বিএনপি সভাপতি মাহবুব আহমদের অংশ রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। রিসোর্টটি তাঁর বাড়ি থেকে কয়েক শ গজ দূরে। একই এলাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহানের বাড়িও রয়েছে। তবে রিসোর্টের ব্যবসায় বিএনপি সভাপতির সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদ বলেন, সোহেল স্কয়ার রিসোর্টের মালিক তাঁর চাচাতো ভাই। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তবে তাঁর কোনো পদ-পদবি নেই।
রিসোর্টে তাঁর মালিকানা রয়েছে কি না, জানতে চাইলে মাহবুব আহমদ বলেন, রিসোর্টের পাশে তাঁর কৃষিজমি রয়েছে, তবে রিসোর্টের ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা জানতে পারেন, তাঁদের এলাকায় রনজিত সরকার সভা করেছেন। তাঁরা ছদ্মবেশে সেখানে এসেছিলেন। বিষয়টি নিয়ে সোহেলের সঙ্গে বসবেন এবং এ সময়ে কেন তিনি এমন কাজ করলেন, তা জানতে চাইবেন। স্থানীয় বিএনপির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁরা এ বিষয়ে পরামর্শ করছেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ফতেহপুর ইউনিয়নবাসী এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী এবং যুবলীগ নেতা মাসুক আহমদের নেতৃত্বে সভাটি আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

