আ.লীগের সাবেক এমপি রনজিতের বাসায় হামলা-ভাঙচুর

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার এবং নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে রনজিত সরকারের বাসায় অগ্নিসংযোগের অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে নগরের টিলাগড় ও মেজরটিলা এলাকায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত ১টা থেকে দেড়টার মধ্যে হামলার ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। তবে তাদের পরিবারের সদস্যরা বাসায় অবস্থান করছেন।
সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, রাত ১টার দিকে চারজন ব্যক্তি রনজিত সরকারের বাসায় প্রবেশ করেন। তাদের একজনের মাথায় হেলমেট এবং আরেকজনের মুখে মাস্ক ছিল। হামলাকারীরা লাঠি দিয়ে সিসি ক্যামেরা ভাঙচুর করেন। এ ছাড়া হাতুড়ি দিয়ে কলাপসিবল গেট খোলার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাসায় আগুন দেওয়া হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

