বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ

ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালায় আরও বলা হয়, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষার পূর্ণমান ৫০ নম্বর। এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। এ ছাড়া চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ১০০ নম্বর। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্মতারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ পর্যন্ত)। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
কবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, সেই তারিখ এখনও চূড়ান্ত করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে একই ক্যাচমেন্ট এলাকার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সুবিধার্থে ভর্তি পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট থানা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শক্রমে নির্ধারণ করবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

