রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ভর্তি ১৭৯

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত নারীর নাম মোসা. বুলু (৪০)। তিনি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় গৃহিণী। গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ১০ নভেম্বর বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত ছিলেন।
একই সময়ে নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৫ জন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে। তবে একই সময়ে ৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

