সাভারে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, হেমায়েতপুরের ম্যাক্স গার্মেন্টসের সামনে চার থেকে ৫০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। তাদের ছত্রভঙ্গ করতে সেখানে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। ওই এলাকায় এখনও লোকজন রয়েছেন এবং মাঝেমধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার অন্তত ২২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিকেলে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হেমায়েতপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শতাধিক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

