শেরপুরে শিশু অপহরণ মামলায় চার আসামির ১৪ বছরের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সি এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২)। এদের মধ্যে রাইসুল ও জামিরুল কারাগারে থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু। তবে ওই শিশুর পরিবারের কাছে টাকা না থাকায় তারা অপহরণকারীদের চাহিদা অনুযায়ী টাকা পাঠাতে ব্যর্থ হন।
এদিকে পরদিন জামালপুরের নারিকেলী বাজার এলাকা থেকে ওই শিশুকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ওই শিশু অপহরণকারী রাইসুলকে চিনতে পারে এবং স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে রাইসুল অপহরণের কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। এ ঘটনায় ওইদিনই শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।

