চা বাগানের মাঝেই বন্যপ্রাণীর ‘সেফ হোম’

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানের প্রায় ৫০ একর বনভূমিতে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বাগানের বড়তল লেকসংলগ্ন এই বনভূমিতে পরীক্ষামূলকভাবে অভয়ারণ্য তৈরির কাজ শুরু করেছে বাগান কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের কোনো চা বাগানে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।
একদিকে দিগন্তজোড়া চা বাগান, অন্যদিকে নির্জন বনভূমি। এর পাশেই রয়েছে মনোরম বড়তল লেক। প্রকৃতির এমন শান্ত পরিবেশে মেছোবাঘ, বনবিড়াল, অজগর ও গুইসাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। তবে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল ক্রমে সংকুচিত হয়ে আসায় প্রাণীগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় পলিমার এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের বড়তল লেকসংলগ্ন বনভূমিতে পরীক্ষামূলকভাবে অভয়ারণ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য রক্ষা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ইতিমধ্যে বড়তল লেকসংলগ্ন বনাঞ্চলে বন্যপ্রাণীর আনাগোনা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সহযোগিতায় এবং বন বিভাগের অনুমতি নিয়ে বন থেকে একটি আহত মেছোবাঘ উদ্ধার করা হয়। উন্নত চিকিৎসা শেষে প্রাণীটির শরীরে স্যাটেলাইট বেল্ট পরিয়ে পরীক্ষামূলকভাবে আবারও তার নিজস্ব আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে মেছোবাঘটির চলাচল ও বিচরণক্ষেত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয় চা শ্রমিক রামাকান্ত দীর্ঘদিন ধরে এই বনভূমিতে বন্যপ্রাণীর বিচরণ দেখে আসছেন। তিনি বলেন, ‘এই বনে মেছোবাঘ, বনবিড়াল, অজগর ও গুইসাপের আনাগোনা বেশ বেড়েছে। বাগান কর্তৃপক্ষ বন্যপ্রাণী সংরক্ষণে যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বনটি নিরাপদ থাকলে প্রাণীগুলোও নিরাপদে বাঁচবে।’

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ব্যবস্থাপক শিমুল নাথ বলেন, ‘বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবার আগে প্রয়োজন গণসচেতনতা। প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে। বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের রক্ষা করা মানেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করা।’

