কয়েদির পেট কেটে বের করা হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার

পেটে একে একে জমা হয়েছিল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা। একপর্যায়ে তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদিকে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে এসব জিনিস বের করেন চিকিৎসকরা।
কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে কয়েদি হাসমত আলীকে (৪৪) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৪ নভেম্বর তার পেটে অস্ত্রোপচার করলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।

