সারের ডিলার নিয়োগ: স্বজনপ্রীতি-ঘুষের অভিযোগ

পার্বতীপুর ইউনিয়নে ডিলার নিয়োগ পেয়েছেন মেসার্স রায়েদা ট্রেডার্সের স্বত্বাধিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ভাই মু. আসিফুজ্জামান। একই স্থানে তাঁর আরেক ভাইয়ের আগে থেকেই ডিলারশিপ রয়েছে বলে জানা গেছে। গোমস্তাপুর ইউনিয়নে মেসার্স আনাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একটি চাতালকে (চালকল) গুদাম দেখিয়ে লাইসেন্স নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বোয়ালিয়া ইউনিয়নে মেসার্স হৃদয় ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মো. হাসুনর রেজা বসতবাড়ি দেখিয়ে লাইসেন্স নিয়েছেন।
গোমস্তাপুরে নিয়োগবঞ্চিত আব্দুল আলিম বলেন, যাঁরা ২০ লাখ টাকা দিতে পেরেছেন—এমন ব্যক্তিরাই ডিলার নিয়োগ পেয়েছেন। এখানে যোগ্যদের সুযোগ দেওয়া হয়নি।
অভিযোগ অস্বীকার করে সার ও বীজ মনিটরিং কমিটির সচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি তদন্ত করে যেভাবে তালিকা পাঠিয়েছে, জেলা কমিটি সেভাবেই মন্ত্রণালয়ে ক্রমিক অনুসারে তিনজনের তালিকা পাঠিয়েছে। কমিটি যাঁদের যোগ্য মনে করেছে, তাঁরাই ডিলার নিয়োগ পেয়েছেন। এখানে আর্থিক কোনো সুবিধা নেওয়া হয়নি।
জেলা প্রশাসক এবং সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ‘যাঁরা ডিলার নিয়োগ পেয়েছেন, তাঁরা কমিটির তদন্তে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। তবে কয়েকজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

