শ্বশুরবাড়ির ঘরের মেঝে খুঁড়ে মিলল শ্রমিক দলনেতার মরদেহ

ছেলে নিখোঁজ হওয়ার পরদিন ৭ নভেম্বর চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাসেলের বাবা সিরাজুল ইসলাম। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই রাসেলের স্ত্রী মুক্তা বেগম ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
বুধবার গভীর রাতে চাটখিল থানার ওসি (তদন্ত) এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ অন্যরা রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। মরদেহের ওপর পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত ৬ তারিখ রাতে মুক্তা ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাইনি। পরদিন থানায় জিডি করেছিলাম। ওরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছে। আমি আমার ছেলে হত্যার প্রধান আসামি মুক্তা বেগমসহ জড়িত সবার বিচার চাই।’
চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, রাসেল দলের একজন ত্যাগী নেতা ছিলেন। বিগত সরকারের আমলে তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধও হয়েছিলেন। চাটখিল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ বিচারের দাবি জানাচ্ছি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, পুলিশ ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে মাটিচাপা অবস্থায় মরদেহটির সন্ধান পায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

