আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোনায় ধরা, আবার কারাগারে

পালিয়ে যাওয়ার ঘটনায় ওই দিনই কোতোয়ালি থানায় কাউসার মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনার পূর্বধলায় নিজ বাড়িতে তার অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার ভোর চারটার দিকে পূর্বধলা থানা-পুলিশের সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে ঢাকায় নিয়ে আসা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর কাউসারকে ঢাকার কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কাউসারকে গ্রেপ্তার করা হয়েছিল। গত মঙ্গলবার ওই মামলায় তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে দায়িত্বরত এক কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

