মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবার

স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবা। কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি বাসের ধাক্কায় থেমে গেল তার জীবন। বাবাকে হারিয়ে এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম আরিফ (৪২) সৈয়দপুরের ওয়াপদা নয়াহাট এলাকার দোলাপাড়ার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন সার ব্যবসায়ী। আহত তার মেয়ে সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা একই বিদ্যালয়ের শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। পথে ওয়াপদা মোড়ের গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় আরিফুল ইসলামের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় তার মেয়ে সুপ্তি।
পরে স্থানীয়রা সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম সড়কটিতে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অপসারণের দাবি জানান।

