যশোরে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ, ২ কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড

রায়ে আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে এ অর্থ আদায় করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৫০ লাখ টাকা বিনিয়োগের আবেদন করেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালের ১৯ এপ্রিল তাঁর নামে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা অনুমোদন করা হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামের একটি সম্পত্তি বন্ধক দেখিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করা হয়। অভিযোগ রয়েছে, বন্ধক রাখা সম্পত্তি যথাযথভাবে যাচাই না করেই তাঁকে বিনিয়োগ সুবিধা দেওয়া হয়েছিল।
পরে ব্যাংকের গুদামে টায়ার-টিউব মজুত দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে মেসার্স কনফিডেন্স টায়ার হাউসের নামে ৯৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। কিন্তু গুদামে নামমাত্র কিছু টায়ার-টিউব রেখে অধিকাংশ পণ্য সরবরাহের নামে অর্থ আত্মসাৎ করা হয়।

