যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, বিলীনের মুখে খেলার মাঠ ও কৃষিজমি

সুনামগঞ্জের সর্ববৃহৎ বালুমহাল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালু-১ ও বালু-২ মহাল থেকে ইজারার শর্ত লঙ্ঘন করে নিষিদ্ধ যন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন, নদীর তীর ও কৃষিজমি কেটে নেওয়া, সরকারি খেলার মাঠ ধ্বংস এবং খেয়াঘাট দখলের অভিযোগ উঠেছে ইজারাদার মো. নাছির মিয়ার বিরুদ্ধে। তিনি মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী এবং তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
জনস্বার্থে সম্প্রতি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেছেন সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা মোছাদ্দেক আলী।
অভিযোগকারী মোছাদ্দেক আলীর দাবি, ইজারার বৈধতার আড়ালে একটি সংঘবদ্ধ চক্র নদী ও তীরবর্তী এলাকায় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে সাধারণ মানুষ, কৃষক ও স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে যাদুকাটা নদীর বালুমহালের ইজারা বাতিল, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, সরকারি খেয়াঘাট সচল রাখা এবং অভিযুক্ত ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইজারাদার মো. নাছির মিয়া। তার দাবি, যাদুকাটা নদীর তীর কাটা হচ্ছে না। তার লোকজন নদীর তীর কাটা রোধে পাহারায় রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, জেলা প্রশাসন ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমোদন দেয় তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামের আক্তার আলীর ছেলে মো. নাছির মিয়াকে। কিন্তু ইজারার নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলন না করে যাদুকাটা নদীর মোদেরগাঁও এলাকায় নদীর তীর, কৃষিজমি ও অন্যান্য স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ কাজে ড্রেজার এবং স্থানীয়ভাবে ‘সেইভ’ বা ‘বোমা মেশিন’ নামে পরিচিত যন্ত্র ব্যবহার করা হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, মোদেরগাঁও গ্রামের শিশুদের খেলার মাঠের পশ্চিম পাশে প্রকাশ্যে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। এতে মাঠটি ক্রমেই বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি স্থানীয় ব্যক্তিমালিকানাধীন তিন ফসলি কৃষিজমি কেটে সেখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে।
এ ছাড়া বালুভর্তি শত শত বড় নৌকা ঘাট এলাকায় অবস্থান করায় মোদেরগাঁও-ঘাগরা খেয়াঘাট ও গুদারা ঘাট দিয়ে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে স্বাভাবিকভাবে নৌকা ভেড়ানোও সম্ভব হচ্ছে না।

