বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ বা বিষয় চালুর বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার সাংবাদিকতা শিল্পের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর অনুরোধ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। বিষয়টি তদারকির জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, বগুড়া সাংবাদিকতা শিল্পের জন্য পরিচিত। এ অঞ্চলের সাংবাদিকতার ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালু হওয়া প্রয়োজন। এ জন্য প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হলে প্রধানমন্ত্রী সম্মতি দেন এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।
বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়ারই সন্তান। তার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই বগুড়ার উন্নয়ন সম্ভব হবে।

