রেস্টুরেন্টে ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার

নারায়ণগঞ্জে চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নেওয়া কেন্দ্র করে একটি রেস্টুরেন্টের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল থেকে ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে’ এই ঘটনা ঘটে।
নয় সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, বিরিয়ানির দোকানের ম্যানেজার খোকনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন এইচ এম হোসেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন। জনাকীর্ণ একটি খাবারের দোকানে এমন হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।
রেস্টুরেন্টের এক কর্মচারীর ভাষ্য অনুযায়ী, এক নারী চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে এসে দাবি করেন যে তিনি ক্যাশে টাকা পরিশোধ করেছেন। তবে ক্যাশে টাকা জমা না হওয়ায় ম্যানেজার খোকন বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ওই নারীর সঙ্গে ম্যানেজারের বাগ্বিতণ্ডা হয়। পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে রেস্টুরেন্টে আসেন। সেখানে এসেই হোসেন ম্যানেজারের সঙ্গে চড়াও হন এবং তাকে গুলি করে হত্যার হুমকি দেন।

