প্যাকিং মেশিনের ঘোষণায় এবার বন্দরে এল সিগারেট তৈরির প্ল্যান্ট

কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় চালানটিতে সাত ধরনের মেশিন পাওয়া যায়। এগুলো হলো—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপার।
সিআইআইডির ভাষ্য, চালানটিতে শুধু তৈরি সিগারেট প্যাকেটজাত করার সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল যন্ত্রপাতিও ছিল।
আমদানি নথিতে চালানটির ঘোষিত মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার দেখানো হয়েছে। সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার উল্লেখ করা হয়েছে। এই হিসাবে প্রাথমিক মূল্যায়ন ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ।
কর্মকর্তারা জানিয়েছেন, এ মূল্য প্রাথমিক ও তুলনামূলক। মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং একই ধরনের যন্ত্রপাতির তুলনাযোগ্য আমদানি মূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে।

