কেন হামলাকে লঘু করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী—প্রশ্ন নুসরাতের

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!’
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আরও লেখেন, ‘আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’
পোস্টে নুসরাত দাবি করেন, তাঁর বিশ্বাস, এ হামলার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে লঘু করে দেখাতে চাইলেন, সেই প্রশ্নও তোলেন তিনি। নিজের বাড়ি পরিত্যক্ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও পরিত্যক্ত কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টের শেষাংশে লেখেন, ‘ছিঃ!’
এদিকে, বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ রাতে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

