জুলাইয়ে ভুয়া মামলা ফেঁসে যাচ্ছেন বাদী

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামিরা শাহজাহানের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
জুলাই আন্দোলনকেন্দ্রিক মামলা হওয়ায় আরএমপি গুরুত্ব বিবেচনায় মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ওপর তদন্তের দায়িত্ব ন্যস্ত করে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সর্বশেষ মামলাটির তদন্ত করেন ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া। তদন্ত কার্যক্রম তদারকি করেন ডিআইজি পদমর্যাদার আরএমপির সাবেক অতিরিক্ত কমিশনার নাজমুল হোসেনসহ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁরাও একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত শেষে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা কোনো প্রতিবেশীই ঘটনার দিন ও সময়ে বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানাননি। আর বাদীকে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে বলা হলে তিনিও তা পারেননি। বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলী মিয়া সোমবার দুপুরে বলেন, সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দায়েরের কারণে বিধি অনুযায়ী বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে বাদী শাহজাহান আলীর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

