কুড়িগ্রামে বেগুনের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের মাঠজুড়ে এখন বেগুনের সমারোহ; গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় বেগুন। উৎপাদন ভালো হওয়ায় শুরুতে লাভের স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা। তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় সেই স্বপ্ন এখন হতাশায় রূপ নিয়েছে। বর্তমানে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে বেগুন চাষ করতে বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও পরিচর্যাসহ খরচ হয় প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা। ফলন ভালো হওয়ায় একই জমির বেগুন বিক্রি করে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা করেছিলেন তারা। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় এখন লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
ভূরুঙ্গামারী উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে বেগুনের আবাদ করেছেন কৃষকেরা। অনেকের ক্ষেতেই একসঙ্গে প্রচুর বেগুন ধরেছে। তবে ক্ষেত থেকে বেগুন তুলে বাজারে নিয়ে গেলেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। উৎপাদিত বেগুনের একটি বড় অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
কৃষকেরা বলছেন, জমি প্রস্তুত, চারা রোপণ, সার-কীটনাশক প্রয়োগ, সেচ ও শ্রমিকের মজুরিসহ সব ক্ষেত্রেই বাড়তি টাকা ব্যয় করতে হয়েছে। উৎপাদন খরচ বাড়লেও সেই তুলনায় বাজারে বেগুনের দাম পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে বেগুন চাষে আগ্রহ হারাতে পারেন অনেক কৃষক।

