৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা

দর্শনার্থী দীমান চন্দ্র পাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাজাছড়া বিলের লাল শাপলার ছবি ও ভিডিও দেখে এখানে আসার পরিকল্পনা করি। সরাসরি এসে বিলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। চারদিকে লাল শাপলা, নির্মল পরিবেশ আর নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অসাধারণ। এমন প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করা প্রয়োজন।
আরেক দর্শনার্থী মো. শফিক বলেন, শীতের সকালে হাজাছড়া বিলের সৌন্দর্য এককথায় অসাধারণ। ফেসবুকে যতটা সুন্দর দেখেছি, বাস্তবে তার চেয়েও বেশি মনোমুগ্ধকর। এখানে পর্যটকদের জন্য আরও কিছু নৌকা, বসার জায়গা ও যাতায়াতের সুবিধা বাড়ানো হলে আরও বেশি মানুষ ঘুরতে আসবেন। এতে স্থানীয় মানুষেরও কর্মসংস্থান বাড়বে।

এদিকে বিলে পর্যটকদের যাতায়াত বাড়ায় স্থানীয় ইজিবাইক (টমটম) চালকদের মধ্যেও বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। টমটম চালক মো. রহিম জানান, শাপলা বিল দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসছেন। তাদের যাতায়াতের কারণে স্থানীয় পরিবহন চালকদের বাড়তি আয় হচ্ছে। যোগাযোগব্যবস্থা ও যাতায়াতের সুবিধা আরও উন্নত করা গেলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন তিনি।
প্রকৃতিপ্রেমী আলোকচিত্রী চাথোয়াই মারমা বলেন, দীঘিনালার হাজাছড়া বিলের লাল শাপলা, স্বচ্ছ পানি ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ আলোকচিত্র ধারণের জন্য অসাধারণ। বিশেষ করে ভোরের আলোয় ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্য অন্যরকম রূপ ধারণ করে। তবে এই সৌন্দর্য ধরে রাখতে হলে দর্শনার্থীদের সচেতন হতে হবে। শাপলা না ছেঁড়া, ময়লা না ফেলা এবং বিলের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখা জরুরি।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মো. হাসান মামুন জানান, আগে বিলটি তেমন পরিচিত ছিল না। এখন লাল শাপলা ফোটায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ দেখতে আসছেন। এতে এলাকার পরিচিতি বাড়ার পাশাপাশি নৌকাচালকসহ স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগ তৈরি হয়েছে। সরকারি উদ্যোগে বিলটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে কর্মসংস্থান আরও বাড়বে। তবে শাপলার সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে হাজাছড়া বিলকে ঘিরে দীঘিনালায় পর্যটনের একটি সম্ভাবনাময় কেন্দ্র গড়ে উঠতে পারে। দর্শনার্থীদের সুবিধার্থে সরকারি বা প্রশাসনিক উদ্যোগে আরও কয়েকটি নৌকার ব্যবস্থা, যাতায়াত সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বাড়ার পাশাপাশি দীঘিনালার পর্যটন খাতও সমৃদ্ধ হবে।
দীঘিনালা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের জানান, লাল শাপলা দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। স্থানটি পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে। তবে লাল শাপলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভোরে বিলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

