রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র স্রষ্টা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের এই প্রথিতযশা সাহিত্যিককে স্মরণ করা হয়। জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার সকাল ১০টার দিকে নবাবপুর ইউনিয়নের পদমদীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানান। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাকে যথাযথ গুরুত্ব দিয়েই এখানে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সারা দেশে প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে নিয়মিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে চাই।
এর পর স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

