শ্রমিক অসন্তোষে শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছে, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শ্রমিকদের একটি অংশ ধর্মঘট পালন করেন। পরবর্তী সময়ে ১২ নভেম্বর শ্রমিকরা কাজে যোগ দেননি। এ ছাড়া ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা, ডিভিশন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ থেকে বের করে আনার অভিযোগও করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, বাগানে অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার কারণে কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৩ নভেম্বর শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
তবে পলিপ্যাক কারখানা, ডিভিশন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোর, বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার এবং মেডিকেল বিভাগের নির্দিষ্ট কর্মীরা এ বন্ধের আওতামুক্ত থাকবেন।

