বিদেশে পাঠানোর টাকা নিয়ে বিরোধ, দিনমজুরকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে জমিতে পাকা কলাই কাটার সময় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে নূর মোহাম্মদ (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর যাদবপুর ইউনিয়নের পুড়াদহ মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত নূর মোহাম্মদ (৪৫) মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জসিম (৩৫) একই উপজেলার পুড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পুড়াদহ মাঠে পাশাপাশি নিজেদের জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ ও জসিম। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের জামাতা বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেনের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

