বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি
বিজ্ঞাপন

মাঝপথে কাজ বন্ধ, ১০ লাখ টাকা তুলে উধাও ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
মাঝপথে কাজ বন্ধ, ১০ লাখ টাকা তুলে উধাও ঠিকাদার

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সৈকতপাড়া গ্রামে নির্মাণাধীন কালভার্টের কাজ আড়াই বছরেও শেষ হয়নি। অভিযোগ উঠেছে, প্রকল্পের প্রায় ১০ লাখ টাকা বিল তুলে মাঝপথে কাজ ফেলে উধাও হয়েছেন ঠিকাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের তিস্তা নদীসংলগ্ন চরাঞ্চলে কয়েক শ পরিবারের বসবাস। এসব এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ বিজির বাজার হয়ে সৈকতপাড়া গ্রামের দিকে যাওয়া সড়কটি। দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে পানি চলাচল ও যাতায়াতের সমস্যা নিরসনে একটি বক্স কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।

এই দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে সেখানে নয় দশমিক ৯৬ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্ট নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২০২৪ সালের ৬ জুন কাজ শুরু করে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা। চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ২৯ লাখ ৭৯ হাজার ৮৬০ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় নীলফামারী সদর উপজেলার কুখাপাড়া, চিনির মোড় এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কালভার্ট নির্মাণের জন্য সড়কের মাঝখানে বড় আকারের গর্ত খুঁড়ে রাখা হয়েছে। কালভার্টের নিচের ও দুই পাশের কিছু অংশে কংক্রিটের কাজ করা হলেও ওপরের অংশের নির্মাণকাজ অসম্পূর্ণ। বিভিন্ন স্থানে কাঠের শাটারিং ও বাঁশের ঠেকনা এখনো লাগানো রয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন অংশের কিছু স্থানে পাথর ও খোয়া বেরিয়ে থাকতে দেখা গেছে।

অন্যদিকে পাশের বিস্তীর্ণ ধানিজমির পানি সড়কের ভাঙা অংশ দিয়ে গড়িয়ে গর্তে জমে জলাশয়ের সৃষ্টি হয়েছে। চারপাশে ছড়িয়ে পড়েছে কচুরিপানা ও জলজ উদ্ভিদ। ফলে সড়কটির ওই অংশ দিয়ে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে পানি কিছুটা কম থাকলেও ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহন নিয়ে ওই অংশ পার হতে চালকদের বেগ পেতে হচ্ছে। বর্ষা মৌসুমে পানি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, কালভার্টটির আশপাশে রয়েছে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্ষাকালে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাঁটুপানি মাড়িয়ে যাতায়াত করতে হয়। এতে ছোট শিশুদের ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। এ ছাড়া এলাকাটি তিস্তা নদীসংলগ্ন চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষের জীবিকার বড় অংশ কৃষিনির্ভর। কৃষকেরা ধান, গম, ভুট্টা, শাকসবজি ও বাদামসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন। এসব কৃষিপণ্য বাজারে নেওয়ার জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কালভার্টের কাজ অসম্পূর্ণ থাকায় উৎপাদিত ফসল পরিবহনে বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে তাদের।

স্থানীয় বাসিন্দা মো. মকবুল হোসেন বলেন, কালভার্টের কাজ বন্ধ থাকায় খুব কষ্টে আছি। আগে কষ্ট হলেও ফসল নিয়ে চাপানী হাটে যাওয়া যেত। এখন কালভার্টের মাঝখানে বড় ফাঁকা থাকায় মালামাল পরিবহন করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় অটোভ্যানচালক আনোয়ার হোসেন বলেন, সড়কের ওপর কালভার্টটি নির্মাণ না হওয়ায় ভ্যান নিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়। ভাঙা অংশ পার হওয়ার সময় ভ্যানের মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে অনেক সময় মোটর অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যায়। যাত্রী ও মালামাল নিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। মোটর নষ্ট হলে মেরামতে বাড়তি টাকা খরচ করতে হয়। দ্রুত কালভার্টটির নির্মাণকাজ শেষ হলে আমাদের এই দুর্ভোগ কমবে।

ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল আলম জানান, তিনি ডিমলায় যোগদানের আগেই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। কার্যালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির কাজের অগ্রগতি ৫৫ শতাংশ। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানার প্রতিনিধি নান্টুর বক্তব্যে বিল উত্তোলনের বিষয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, এটি সরকারি প্রতিষ্ঠানের কাজ। জনগণের কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে। ওই প্রতিষ্ঠানের কাছেই আমাদের জবাবদিহি করতে হয়।

তিনি দাবি করেন, কাজের বিপরীতে তারা এখনও কোনো বিল পাননি। আবহাওয়া অনুকূলে না থাকায় কাজ পুরোপুরি শেষ করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। শুষ্ক মৌসুমে কাজ শেষ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, কাজ করতে অর্থের প্রয়োজন। ফান্ডের ব্যবস্থা হলে আমরা কাজটি শেষ করব।

তবে পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে নয় লাখ ৮১ হাজার ৫০০ টাকা বিল উত্তোলন করেছে। ফলে কোনো বিল পাননি বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির দাবির সঙ্গে সরকারি দপ্তরের তথ্যের অসংগতি দেখা দিয়েছে।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম বলেন, প্রকল্পটির কাজ ২০২৪-২৫ অর্থবছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এতে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, কালভার্টের কাজ বন্ধ থাকায় স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েছেন। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...