৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে স্থগিত

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। নিয়োগের আগের রাতে এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ দেন কেন্দ্রের দায়িত্বে থাকা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এতে দূর-দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ নিয়েও তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।
কলেজ সূত্রে জানা গেছে, হিসাব সহকারী পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে তাদের মধ্যে ছয়জন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। তাদের একজন আবু রায়হান মণ্ডল। তাকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে।
তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত সময় সকাল ১০টা হলেও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনও করেননি তিনি।
পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছিলেন। তবে বোর্ডের সদস্য কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে পাওয়া যায়নি। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

