বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

পাবনায় সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
পাবনায় সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

সংবাদ প্রকাশের জেরে পাবনার বেড়ায় আরিফ খান নামের এক সাংবাদিককে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে ধারাবাহিকভাবে এসব হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে হুমকির কয়েকটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক। নিজের নিরাপত্তা চেয়ে তিনি সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আরিফ খান জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংবাদিকতা শুরুর পর থেকেই বিভিন্ন অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করে সংবাদ প্রকাশ করে আসছেন আরিফ খান। তার একাধিক অনুসন্ধানী প্রতিবেদন জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদে প্রকাশিত হয়েছে। সম্প্রতি বেড়া উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিলন মাহমুদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়েও একাধিক প্রতিবেদন প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত সনদ ও অনুমোদন ছাড়াই কবিরাজির নামে হালিম কবিরাজের অপচিকিৎসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন আরিফ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহের সময় তাকে ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি বলে জানা গেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের কথিত চেম্বার সিলগালা করা হয়।

সাংবাদিক আরিফের অভিযোগ, এসব প্রতিবেদন প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে তাকে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে রাস্তায় ফেলে কুপিয়ে, জবাই করে এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

আরিফ খান বলেন, এর আগেও তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধ নিয়ে একাধিক আলোচিত প্রতিবেদন করেছেন। সেসব প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন সময় চাপ এসেছে। তবে সর্বশেষ তিনটি সংবাদ প্রকাশের পর থেকে তাকে আরও বেশি চাপে ফেলার চেষ্টা চলছে। এখন ফোন করে রাস্তায় ফেলে কুপিয়ে, জবাই করে ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব ফোনকলের রেকর্ড তার কাছে রয়েছে। কয়েকটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ পেয়েছে।

তিনি আরও বলেন, তার প্রকাশিত সংবাদ নিয়ে কারও অভিযোগ থাকলে আইনিভাবে মোকাবিলা করতে পারেন। কিন্তু তা না করে হুমকি দিয়ে তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। তার প্রকাশিত প্রতিবেদনগুলোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

আরিফ বলেন, ‘সত্য তথ্য প্রকাশ করা কি আমার অপরাধ? এভাবে চলতে থাকলে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে।’ তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...