বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ মাহদি হাসানের, পুলিশ বলছে শর্ট সার্কিট

মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় তার বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান মাহদি।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসে এ অভিযোগ করেন মাহদি হাসান। লাইভ চলাকালে তাকে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় তিনি বাসায় আগুন লাগার কথা জানিয়ে আতঙ্কিত অবস্থায় পরিস্থিতি তুলে ধরেন।
পরবর্তীতে তার ফেসবুক লাইভে বাসার বিদ্যুতের মিটারের একটি ক্ষতিগ্রস্ত অংশ দেখা যায়। মাহদি হাসানের দাবি, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমার আঘাতে মিটারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

