সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

অটোরিকশার মালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার দ্রুত নিবন্ধন দেওয়া, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা, পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা, শহরে ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা এবং ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধ করা। পাশাপাশি ট্রাফিক বিভাগের অনিয়ম-দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএ সিলেটে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন জানান, ১৫ নভেম্বরের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলোর বিষয়ে কোনো সমাধান না হলে পূর্বঘোষণা অনুযায়ী ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কঠোরভাবে পালন করা হবে। কর্মসূচি সফল করতে জেলার সব পরিবহন মালিক ও শ্রমিকের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

