মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে

টাঙ্গাইলের সখিপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে বিএনপি নেতা ও তার অনুসারীদের হাতে চার সাংবাদিক ‘মব’ বা সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার সাংবাদিককে হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার সাংবাদিকরা হলেন এনটিভি ডিজিটালের সখিপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখিপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখিপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
ঘটনায় শনিবার সকালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মামলার বাদী একজন রাজনৈতিক নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গ্রেফতার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার সন্ধ্যায় চার সাংবাদিক দেওবাড়ী বাজার এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে হওয়া একটি সালিশের সংবাদ সংগ্রহ করতে যান। তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় যুবক নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ স্থানীয় মাতবরদের সহযোগিতায় দুই লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা করা হয়। এর মধ্যে ওই নারীকে দুই লাখ টাকা এবং মাতবরদের ৮০ হাজার টাকা দেওয়া হয় বলে তারা জানতে পারেন।
সংবাদ সংগ্রহের একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের পাশের একটি বাড়িতে মাদক সেবনের তথ্য দেন। পরে সাংবাদিকরা ওই বাড়িতে গিয়ে কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে তাদের দাবি। এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। খবর পেয়ে জাহিদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বাজারে নিয়ে যান।
সাংবাদিকদের অভিযোগ, সেখানে জাহিদের অনুসারীসহ স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ঘিরে ধরেন এবং হেনস্তা করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দফায় দফায় আলোচনা হয় বলেও দাবি করেছেন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা।

