পাখির ডাক নকল করে রাতের আঁধারে চলছে অতিথি পাখি শিকার

শীতের শুরুতেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাগেরহাটের বিভিন্ন বিল ও জলাভূমিতে আশ্রয় নিতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। শীতের তীব্রতা থেকে বাঁচতে আসা এসব পাখি এখন শিকারিদের টার্গেটে পরিণত হয়েছে। রাতের আঁধারে সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে এবং কচুরিপানার পাতা দিয়ে তৈরি বিশেষ বাঁশির মাধ্যমে পাখির ডাক নকল করে ফাঁদ ও জাল পেতে চলছে শিকার।
চিতলমারী ও মোল্লাহাট উপজেলার কোদালিয়া ও কেন্দুয়া বিলসহ আশপাশের জলাভূমিতে সক্রিয় হয়ে উঠেছে শিকারিরা। প্রতিদিন রাতভর শিকার করা এসব অতিথি পাখি ভোরে চড়া দামে বিক্রি হচ্ছে। একশ্রেণির ভোজনরসিকের কাছে অতিথি পাখির মাংস এখন পছন্দের খাবার হয়ে উঠেছে।
সরেজমিনে চিতলমারী ও মোল্লাহাট উপজেলার কোদালিয়া ও কেন্দুয়া বিলসংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতের আঁধারে চলছে অতিথি পাখি শিকারের প্রস্তুতি ও কার্যক্রম। সন্ধ্যার পর থেকেই শিকারিরা বিলের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। সাউন্ড বক্সে পাখির ডাক বাজানোর পাশাপাশি বিশেষ বাঁশি দিয়ে নকল ডাক তৈরি করে তারা। এসব ডাকে আকৃষ্ট হয়ে খাবারের সন্ধানে নির্দিষ্ট স্থানে আসা অতিথি পাখিরা আগে থেকে পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পড়ছে।
চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী, সাবোখালী, দানোখালী, কলিগাতী, রুইয়েরকূল, গোদাড়া, কাপুড়িয়া, সুরিগাতি, গাউলা, নলধা ও চান্দেরহাট এলাকাসহ কোদালিয়া ও কেন্দুয়া বিলে প্রতিরাতেই চলছে এ শিকার। শিকারিদের ফাঁদ ও জালে ধরা পড়ছে হাঁসজাতীয় পাখি, কালদিগুড়ি, বুরি, কালকুচসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। রাতভর শিকারের পর ভোর হলেই এসব পাখি বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা শিকারিদের কাছ থেকে চড়া দামে পাখি কিনে নিচ্ছেন। পরে হাতবদল হয়ে এসব পাখি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম বলেন, রাত হলেই একশ্রেণির শিকারি বিলের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা সাউন্ড বক্সে পাখির ডাক বাজায় এবং বিশেষ বাঁশি দিয়ে পাখির ডাক নকল করে। এতে খাবারের সন্ধানে থাকা অতিথি পাখিরা আকৃষ্ট হয়ে ওই স্থানে এলে আগে থেকে পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পড়ে। এভাবে প্রতিরাতে অসংখ্য পাখি শিকার করা হচ্ছে।

