সাত দেশের কারীদের তিলাওয়াতে মুখর নেছারাবাদ, সম্মেলনে মুসল্লিদের ঢল

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাত দেশের খ্যাতিমান কারীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। তাঁদের মধ্যে ছিলেন মিশরের কারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের কারী আব্দুল কবির হায়দারী, ইরানের কারী ওয়াহিদ খাজায়ী, দক্ষিণ আফ্রিকার কারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ কারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া স্থানীয় হাফেজ ও কারীরাও এতে অংশ নেন।

আয়োজকেরা জানান, মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মানুষের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াত ছড়িয়ে দেওয়া এবং কোরআনের প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। বিশ্ববরেণ্য কারীদের তিলাওয়াত শুনতে নারীদের জন্য রাখা হয় বিশেষ বসার ব্যবস্থা। মাঠের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় প্রজেক্টর। পাশাপাশি দূরদূরান্তের মানুষ যেন কোরআনের তিলাওয়াত শুনতে পারেন, সে জন্য উপজেলার বিভিন্ন এলাকায় মাইকের ব্যবস্থাও করা হয়।

