ইসলামপুরে সেই এসআইয়ের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগে তদন্ত শুরু

জহুরুলের অভিযোগ, দুই দফায় মোট ২৯ হাজার টাকা নেওয়ার পরও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেননি এসআই জিল্লুর। বরং আসামিদের কাছ থেকে ঘুষ নিয়ে বাদীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অভিযুক্ত এসআই।
এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘ইসলামপুরে এসআইয়ের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে এসআই জিল্লুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর থেকে জামালপুরের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে চিঠি পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। এতে অভিযুক্ত এসআই জিল্লুর রহমান, অভিযোগকারী জহুরুল ও তাঁর স্ত্রী হামেদা বেগমকে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

