ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নেই যাত্রীছাউনি, রোদ-বৃষ্টিতে দুর্ভোগ

বৃষ্টি ও রোদে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অসুস্থ রোগী, প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীরা। শিশুদের নিয়ে যাতায়াত করা স্বজনদেরও পড়তে হয় বিপাকে। একদিকে রোগী ও শিশুদের সামলাতে হয়, অন্যদিকে ব্যাগ, চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করতে হয়। দূরের হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ভোগান্তি আরও বেশি। বৃষ্টিতে প্রেসক্রিপশন, চিকিৎসার প্রতিবেদন, ওষুধ, কাপড় ও সঙ্গে নেওয়া খাবার ভিজে যায়। আবার রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুস্থ ও বয়স্ক যাত্রীদের শারীরিক কষ্ট বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা রাকিব হাসান জনি বলেন, ট্রেন ধরতে ২০-৩০ মিনিট আগে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে হয়। বৃষ্টি শুরু হলে সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই। আবার রোদেও ছায়া পাওয়া যায় না। ছোট বাচ্চা, বয়স্ক বা রোগী সঙ্গে থাকলে দুর্ভোগের শেষ থাকে না।
স্থানীয় সমাজকর্মী সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, যে প্ল্যাটফর্মে প্রতিদিন শত শত মানুষ দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করেন, সেখানে ছাউনি নেই—এটা মেনে নেওয়া যায় না। বৃষ্টি হলেই যাত্রীদের ছোটাছুটি করতে হয়। আবার রোদের সময়ও অনেকে ছায়ার জন্য এদিক-সেদিক ছুটছেন। দ্রুত এখানে ছাউনি নির্মাণ করা দরকার।

