ফরিদপুরে ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন গ্রাম পুলিশ

অভিযুক্ত গ্রাম পুলিশের নাম আনিচুর রহমান (২৮)। তিনি উপজেলার কটুরাকান্দি গ্রামের নান্নু মোল্যার ছেলে। আনিচুর বুড়াইচ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। এ ঘটনায় ভুক্তভোগী মো. রমজান মোল্যা অভিযুক্ত আনিচুর রহমান ও তাঁর মামাতো ভাইসহ দুজনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, ১৩ নভেম্বর বেলা পৌনে একটার দিকে বুড়াইচ পশ্চিমপাড়া এলাকার আছাদ মোল্যার ছেলে রমজান মোল্যার বসতবাড়ির পাশ থেকে একটি খাসি ছাগল চুরি হয়। ছাগলটির আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। চুরির পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন রমজান। একপর্যায়ে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাটে গিয়ে তিনি নিজের ছাগলটি দেখতে পান। সেখানে গ্রাম পুলিশ আনিচুর রহমান ও তাঁর মামাতো ভাই আলামিন মোল্যা (২৫) ছাগলটি বিক্রির চেষ্টা করছিলেন।

