অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি, নেত্রকোনায় দুই বিএনপি নেতাকে শোকজ

ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে জড়ো হন। এ সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী ও বিএনপি নেতা নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন এবং অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।
তবে শিক্ষিকাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, বিদ্যালয়ের পাশে ২০-৩০ জন নেতা-কর্মী নিয়ে বৈঠক করছিলাম। তখন প্রধান শিক্ষিকাকে বৈঠকে যেতে খবর পাঠানো হলেও তিনি গুরুত্ব দেননি। পরে বিদ্যালয়ে গিয়ে দেখি, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছেন। কেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছেন, তা শিক্ষিকার কাছে জানতে চাওয়া হয়েছিল। তাঁকে কোনো মারধর করা হয়নি।

