টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচার চক্রের সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ লম্বরী নৌঘাট দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সি বিচ বিওপির একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দলকে দেখতে পায় বিজিবি। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি আবার সমুদ্রে ফিরে যায়। একই সময়ে তীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

