চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের কৃষক মিকাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে রসুন চাষ করেছেন। তাঁর জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ শ্রমিকেরা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন। পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ টাকা এবং নারী শ্রমিকের ৫০০ টাকা। তিনি আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যেই বিনা হালে রসুন চাষের কাজ শেষ করতে পারবেন। ফলন ও বাজারদর ভালো হলে এবারও লাভবান হওয়ার প্রত্যাশা করছেন তিনি।
মূলগ্রাম ইউনিয়নের কৃষক মিনারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বছর তিনি সাত বিঘা জমিতে বিনা হালে রসুনের আবাদ করেছেন। কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবার আগের চেয়ে দুই বিঘা বেশি জমিতে রসুন চাষ করেছেন। এবারও ভালো দাম পেলে আগামী বছরগুলোতে আরও বেশি জমিতে রসুনের আবাদ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ আজকের পত্রিকাকে বলেন, চাটমোহর উপজেলার অন্যতম প্রধান উচ্চমূল্যের ফসল রসুন। এখানকার উৎপাদিত রসুন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকদের মধ্যে রসুন চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫০ হেক্টর বেশি জমিতে রসুন চাষ হবে বলে আশা করা হচ্ছে।

