‘জানোয়ার কখনো মানুষ হয় না’, ফেসবুকে পোস্টের কয়েক ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সহপাঠীদের আবেদনে জান্নাতের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, হাসপাতালে মরদেহ দেখতে গেলে পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে রহস্যজনক আচরণ করেন। এমনকি তাঁদের মরদেহ দেখতে না দিয়ে ময়নাতদন্ত ছাড়াই দ্রুত মরদেহ নিয়ে দাফন করেন। এতে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
জান্নাতের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া ফেসবুক পোস্টটি নিয়েও সহপাঠীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে ওই পোস্টের মাধ্যমে তিনি কাকে বা কী ইঙ্গিত করেছেন, তা নিশ্চিত হতে পারেননি তাঁরা। সহপাঠীদের কয়েকজনের ধারণা, এর পেছনে পারিবারিক কিংবা প্রেমঘটিত কোনো বিষয় থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাঁদের কাছে নেই।
শিক্ষার্থীদের আবেদনে জানানো হয়, জান্নাত তাঁদের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। তিনি মেধাবী ও সচেতন শিক্ষার্থী ছিলেন। তাঁদের জানামতে, তাঁর পক্ষে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক নয়। এ ছাড়া জান্নাতের পারিবারিক জীবন নিয়েও বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন তাঁরা। তাঁদের দাবি, জান্নাতের মা তাঁকে প্রায়ই নির্যাতন করতেন, পড়াশোনার খরচও দিতেন না। পড়াশোনা ও ব্যক্তিগত খরচ চালাতে শহরের একটি সুপারশপে মাসে ছয় হাজার টাকা বেতনে কাজ করতেন তিনি। শহরের একটি মেসে থাকতেন। বাড়িতে যাওয়ার দিনই এ ঘটনা ঘটে।

