‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’

‘গোপালগঞ্জে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করা হবে না। শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।
তিনি বলেন, ‘গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।’

