গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ আশপাশের এলাকার সিলিকন ও মণ্ডল গ্রুপের কারখানাসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বাঘেরবাজার ও ভবানীপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

