ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলী হোসেন মোল্লা উপজেলার মৃত আনেচ মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর রাজাপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহারে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে আলী হোসেন তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন তিনি। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ছাত্রীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

