মধ্যরাতে বাজারে আগুন: পুড়েছে দোকান-ঘর, কৌটায় জমানো সরস্বতীর স্বপ্নও

পরিমল জানান, ব্যাংকে তাঁর কোনো সঞ্চয় নেই। দোকানের প্রতিদিনের বিক্রি থেকে লাভের টাকা অল্প অল্প করে জমাতেন একটি বড় টিনের কৌটায়। রাবার দিয়ে বেঁধে সেই কৌটাতেই রাখতেন সঞ্চয়। কয়েক দিন আগে একটি এনজিও থেকে ঋণ নিয়েও সেই টাকা কৌটায় রেখেছিলেন। সব মিলিয়ে সেখানে প্রায় ৮০ হাজার টাকা ছিল। মেয়ের নার্সিং পরীক্ষার ফি, হোস্টেল খরচ এবং দোকানে নতুন মালামাল কেনার পরিকল্পনা ছিল সেই টাকা দিয়ে। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর সব সঞ্চয়।

এখনো পোড়া টাকার বান্ডিলভর্তি সেই কৌটাটি বুকে জড়িয়ে ধরে কাঁদেন পরিমল। বাজারে কেউ ক্যামেরা হাতে তাঁর কাছে গেলেই কান্নায় ভেঙে পড়েন। চোখের পানি মুছতে মুছতে জানান, কীভাবে এক রাতেই শেষ হয়ে গেল সারা জীবনের পরিশ্রম।
আগুনে পরিমলের স্ত্রী সরস্বতীর বাম হাতও দগ্ধ হয়েছে। নিজের পোড়া হাত দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই পোড়া হাতের চিকিৎসার জন্য একটু মলম কিনব, সেই টাকাটুকুও এখন আমাদের কাছে নেই।’
অগ্নিকাণ্ডের পর থেকে পুরো পরিবার এক কাপড়ে দিন কাটাচ্ছে। দোকান ও বসতঘর হারিয়ে দুই দিন ধরে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তাঁরা। অন্যের দেওয়া খাবার খেয়ে দিন কাটছে পরিবারটির।
প্রতিবেশী মো. আলী হায়দার বলেন, বাজারে ১৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমলের মতো অসহায় পরিবার আর নেই। তাঁর কোনো বাড়িঘর বা জমিজমা নেই। দোকানের একটি অংশে বসতঘর বানিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। তিনি নিজেও অসুস্থ। চা বিক্রির আয়েই সংসার, নিজের ওষুধ এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতেন। এক রাতের আগুনে তাঁর সব শেষ হয়ে গেছে। এখন পরিবারটি এক কাপড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমল মিস্ত্রীর পরিবার সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েছে। তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। দুই মেয়ে নার্সিং পড়ছে, ছেলে কলেজে পড়ে। দোকানের আয়েই চলত তাদের সংসার। কৌটায় জমানো ও এনজিও থেকে ঋণ নেওয়া সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকাও পুড়ে গেছে। এখন পরিবারটির খাবারের ব্যবস্থাটুকু করাও কঠিন হয়ে পড়েছে।

