মজুরি নিয়ে অসন্তোষ: বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। এর জেরে দুই এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। আজ বুধবার সকালে হেমায়েতপুর, জামগড়া ও কুমকুমারি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। বিকেলে সাভারের উলাইল এলাকায় আলমুসলিম গ্রুপের শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে সাভারের হেমায়েতপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকেরা বিভিন্ন অলিগলিতে ঢুকে মিছিল করার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা ১১টার পর ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শ্রমিক অসন্তোষের কারণে হেমায়েতপুরের প্রায় ৩০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

