দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন

মহিনে নিখোঁজ হওয়া ও যেভাবে মিলল মরদেহ
নিহতের স্বজনরা জানান, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেটস এলাকার একটি বাসা থেকে মহিন খান, তাঁর কোম্পানির বস ও বসের স্ত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের বিষয়ে আবেদন করা হয়।
পরে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ আবুধাবির একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় মহিন খান, তাঁর কোম্পানির বস ও বসের স্ত্রীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।
দীর্ঘ অপেক্ষা ও উৎকণ্ঠার পর গত ৬ নভেম্বর পরিবারের সদস্যদের মহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে শুরু হয় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া।
বিচার ও সম্পদ উদ্ধারে পরিবারের আকুতি
মহিন খানের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তাঁর স্বজনরা। পাশাপাশি দুবাইয়ের আরবিয়ান এমারেটস এলাকায় তাঁর ব্যবহৃত একটি প্রাইভেটকার, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে বাংলাদেশ সরকার এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে তাঁদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।
১৯ বছরের প্রবাসজীবনের পরিশ্রম, স্বপ্ন আর প্রত্যাশা পেছনে ফেলে মহিন খান এখন চিরনিদ্রায় শায়িত। রেখে গেছেন স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে এক অসমাপ্ত জীবনের গল্প। যে মেয়েটির বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে বাবার পাশে থাকার কথা ছিল, সেই মেয়েকেই এখন বাবার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে।

