যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ কর্মকর্তা-কর্মচারী চাকরির আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ও নম্বরপত্র জমা দেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সনদগুলো যাচাই করে সেগুলো জাল ও অসংগতিপূর্ণ বলে মতামত দেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে হাসনা হেনার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ, সাকিব ইসলামের বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র এবং জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে উঠে আসে। অন্যদিকে, সুমন হোসেনের এসএসসি সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত পাঁচজন বিভিন্ন পদে চাকরিতে যোগ দিয়ে পরবর্তী সময়ে পদোন্নতি পান। হাসনা হেনা ও সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-২) হন। জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদ থেকে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর থেকে সেকশন অফিসার (গ্রেড-১) হন। আর সুমন হোসেন এমএলএসএস পদে যোগ দিয়ে পরে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।

