শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ডিবির একটি দল গত ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করে। পরদিন ২০ নভেম্বর শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাঁর সহযোগী রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় রবিনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে। অন্যদিকে রবিন আহমেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন।
গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

