আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ নুরুল ইসলাম মণি

আগামী বছর দেশে প্রচুর বিদ্যুৎ উৎপাদিত হবে উল্লেখ করে জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সে সময় দেশে বিদ্যুৎ রাখার মতো জায়গাই পাওয়া যাবে না।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত সরকারের বিদ্যুৎ খাতের সমালোচনা করে নুরুল ইসলাম মণি আরও বলেন, হাসিনার বিদ্যুৎকেন্দ্র রয়েছে ঠিকই, কিন্তু সেগুলোর ভেতরে কোনো মেশিনপত্র নেই। কেবল টাকা আত্মসাতের লক্ষ্যেই এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এ কারণেই বর্তমান সরকারের হাতে এখন বিদ্যুৎ বিল কমানোর কোনো পথ বা সুযোগ খোলা নেই।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে চিফ হুইপ দাবি করেন, গত দুই বছরে দেশে কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়নি। বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এ দেশের প্রতিটি নাগরিকই সমান অধিকার ভোগ করেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে সেই চোখ আর কখনো সোজা করা যাবে না, সেটি বাঁকাই থেকে যাবে।
আলোচনা সভা সমাপ্ত হওয়ার পর বেতাগী উপজেলার অসচ্ছল ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে মাথাপিছু ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি। এ ছাড়া দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলার সবকটি পূজামণ্ডপে নগদ অর্থ ও সরকারি জিআরের চাল বরাদ্দ দেন তিনি।

